এক মুঠা ভাত

Juthika Mahata (Punuriar)

এক মুঠা ভাত চাই 

জঙ্গলের বিশুদ্ধ বাতাসে 

মদে ঠাসা পেট শরীর বইছে না আর ।

পথ্যহীন ওষুধের ব্যরামী ব্যারাম 

হোঁচট খেতে খেতে মৃত্যুকে ডাকে কাছে ।

তখনি স্বপ্ন দেখে সে, এক গামলা মাড়ভাত,

কঁয়রের মাংস, ভেলা,ভুঁড়রু,কেঁদ পাকার স্বাদ ।

তারই উন্নয়নে -

থরে থরে প্রকল্প আসে 

টিপ সহিতে চোলাই এর গন্ধে,চোখে স্বর্গ ভাসে।

নিরাপদ পকেট খুঁজে নেয় তাবড় নোটের তাড়া।

অন্ধহাতে দুটাকার দুরাশা বেয়ে বাঁশের ভুগড়া 

কানপাতে অরণ্যের গাছে গাছে ।

না মানা নিষেধে 

গ্যাসের প্রহরা কাঠের বোঝায়।

অবাধ বিচরণে হাতি বনজে সামলায়।

মরীচিকা হয় শখের আবাদি বন ।

রাজপথের উন্নতির পদধ্বনি ।

কুঠারের ক্ষত নিয়ে সে কাতরায় একঠাঁই বসে।

প্রতিবাদের বাণী 

কন্ঠ লুকায় বোবা চোখের আড়ালে ।

পাড়ার সমাজ ভাঙে রাজনীতির বেড়াজালে।

নাগালের বাইরে গিয়ে অধিকার গুলি আকাশ চুমে।

নীরব হয় জীবনের যন্ত্রণা ।


0 Comments